নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক গোষ্ঠী সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে ----------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর  গোপীবাগে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিসর্জনের পরও এসব ঘটনার রেশ থাকতে পারে। আমরা সতর্ক পাহারায় থাকব।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে যাদের গাত্রদাহ তারা দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু-মুসলমানের মধ্যে বৈরিতা সৃষ্টি করা। শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না। যে কোনো সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।’ ওবায়দুল কাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠিন ও কঠোর অবস্থানে থাকতে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,             ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটতে পারে সেজন্য সকলকে আরো বেশি সতর্ক থাকতে হবে। এ সময় গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে।