শাহরুখের ছেলের জামিন হয়নি, আদালতের আদেশ বুধবার

মাদক মামলায় গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হয়নি। জামিনের বিষয়ে আগামী বুধবার আদেশ দেবে আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।

গতকাল মুম্বাইয়ের দায়রা আদালতে আরিয়ানের জামিন আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। আরিয়ানের হয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী অমিত দেশাই, অন্যদিকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো-এনসিবির পক্ষে ছিলেন এএসজি অনিল সিং। শুনানি শেষে আরিয়ানসহ মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনের ওপর আদেশ অপেক্ষমাণ রাখেন আদালতের বিচারক।

শুনানিকালে জামিনের বিরোধিতা করে কৌঁসুলি অনিল সিং বলেন, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করেন। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে মাদকচক্রের সঙ্গে সরাসরি মাদক কেনাবেচার কথা বলা হয়েছে, সেখানে টাকার লেনদেনের কথাও হয়েছে। মহাত্মা গান্ধীর এই ভূমিতে এ ধরনের অবৈধ কাজ তরুণদের ভবিষ্যত্ ক্ষতিগ্রস্ত করছে। মনে রাখতে হবে, এনডিপিএস আইনের আওতায়, অভিযুক্ত নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এজেন্সির দাবিই সঠিক বলে ধরতে হবে। যদিও আরিয়ানের আইনজীবী দাবি করেন হোয়াটসঅ্যাপের চ্যাট ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।