শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, এ দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার সমাপ্ত হবে। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। জেপির নেতৃদ্বয় হিন্দু সম্প্রদায়ের অব্যাহত কল্যাণ ও মঙ্গল কামনা করেন।
অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ
থাকতে হবে :সাদেক সিদ্দিকী
জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকীর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির ও সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন করেছে। শুভেচ্ছা বিনিময়কালে সাদেক সিদ্দিকী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির লক্ষ্যে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য একটি কুচক্রী মহল অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক শক্তির ঐক্যকে আরো দৃঢ় করতে হবে।
জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।