প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ সমস্যা সমাধানে ট্রাইব্যুনাল দরকার : মনজিল মোরসেদ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করা দরকার। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্য সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেল যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এইচআরপিবির যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভায় মনজিল মোরসেদ এসব কথা বলেন।

এইচআরপিবির নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জজ (অব.) মুনির হোসাইন পাটোয়ারী, জেলা জজ (অব.) জাহাঙ্গীর হোসেন, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, অ্যাডভোকেট নুর ফাতেমা, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।

মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাইরে থাকা ভবিষ্যত্ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার প্রভাব অর্থনীতিতে পড়বে। তিনি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার অনুরোধ করেন। গত ৭ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সভা হয়।—প্রেস বিজ্ঞপ্তি