তালেবান সরকারের অপেশাদারি আচরণ এবং নিজেদের কর্মী হয়রানির অভিযোগ তুলে আফগানিস্তানের রাজধানী কাবুলে ফ্লাইট স্থগিত করেছে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)। গতকাল বৃহস্পতিবার পাকিস্তান এয়ারলাইনসের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেন, ‘কাবুল এভিয়েশন কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইট বারবার পেছাতে হচ্ছে। এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এর আগে তালেবান হুমকি দিয়েছিল, পিআইএ ৪০ মিনিটের পথে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তাই এর কার্যক্রম কাবুলে বন্ধ করার হুঁশিয়ারি দেয় তালেবান। এদিকে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা করতে আঙ্কারায় গেছে তালেবানের একটি প্রতিনিধি দল। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এক টুইট বার্তায় বলেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লাহ আমির খান মুত্তাকি এবং অন্য মন্ত্রীরা তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। - ডন ও আলজাজিরা