নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করি না : মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী। নিজস্ব অভিনয় স্বকীয়তা, মেধা, পরিশ্রম, অধ্যাবসায়ে তিনি এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। ক্যারিয়ার, নাটকের চরিত্র, শোবিজে প্রতিদ্বন্দ্বীতা ও জুটি প্রথা নিয়ে তার ভাবনার কথা বলেছেন এবারের কথোপকথনে।

গেলো কয়েকটি ঈদ ও উৎসবগুলোতে মেহজাবীনের নাটকই দর্শকপ্রিয়তা বেশি পেয়েছে। নির্মাতারাও ছুটছেন মেহজাবীনের কাছে নতুন নতুন গল্প নিয়ে। তাহলে কি মেহজাবীন সবাইকে ছাপিয়ে গেছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না। সবাইকে ছাপিয়ে গিয়েছি, এটা বলা ঠিক নয়। বরং বলবো, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। একটা নাটকে কিন্তু শুধু একজন মেহজাবীনই থাকে না, সঙ্গে জড়িত থাকেন নাট্যকার, পরিচালক, প্রযোজক, সহশিল্পী, অন্যান্য শিল্পী, ক্যামেরাম্যান থেকে শুরু করে আরো অনেকে। যদি কোনো কাজ সাফল্য পায় তাহলে এটার ক্রেডিট আমার একার নয়, টিমের প্রত্যেকের। সবারই প্রশংসাটা প্রাপ্য। আমি সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। কখানো একা একা নয়। অন্যদিকে, একজন অভিনয়শিল্পীর ভালো কাজের ক্ষুধা থাকা উচিত। কে প্রতিদ্বন্দ্বী কিংবা অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম এমনটা ভাবা ঠিক নয়। একটা লক্ষ্য থাকা উচিত যে আমি ভালো কাজ করবো আর ‘নাম্বার ওয়ান’ পজিশনে যাবো। যদি সুস্থ প্রতিযোগিতা না থাকে তাহলে কাজের জায়গাটা বিকশিত হবে না। প্রতিযোগিতা থাকা উচিত, না হলে নতুন নতুন চরিত্রে ভালো কিছু করার আগ্রহটা নষ্ট হয়ে যায়।’ 

মেহজাবীন কি রোমন্টিক চরিত্রের জন্যই দর্শকদের কাছে এত জনপ্রিয়, নাকি সব ধরনের চরিত্রেই মেহজাবীন সবার কাছে প্রিয় হয়ে ওঠেছেন, এমন ভবানায় তিনি জানান, ‘আমি সবসময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। তার মানে যে এই নয় যে আমার সব কাজই গুরুগম্ভীর হবে। সেখানে রোমান্টিক কাজের পাশাপাশি কমেডিও থাকবে। কমেডি হলেই যে চ্যালেঞ্জের কিছু নেই, সেটা একদম ভুল। পৃথিবীতে কোনো মানুষকে হাসানোটা সবচেয়ে কঠিন কাজ। আমি আমার প্রতিটা কাজে চরিত্রগুলোকে আলাদা করার শতভাগ চেষ্টা করি। দর্শকরা হয়তো আমাকে দেখছে কিন্তু আমার চরিত্রগুলোকে দেখছে না। যার কারণে তারা এমনটা বলে থাকতে পারেন। সেক্ষেত্রে একটাই কথা, আমাকে না দেখে, পর্দায় আমার চরিত্রগুলোকে দেখুন। আমি ২০টা কাজ করলে সেখানে যদি ১০টা ভিন্ন কাজ করতে পারি, সেটা তো খারাপ নয়। আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। দর্শক যদি আমাকে নতুন কোনো জুটির সাথে দেখতে চান, তাহলে তার সাথেই আমার বেশি কাজ হবে।’ 

তাহলে কি আপনি জুটি প্রথায় বিশ্বাস করেন, জবাবে মেহজাবীন দৃঢ়তার সাথে বলেন, ‘জুটি মূলত দর্শকরাই তৈরি করে দেয়। একটি জুটির কাজ যখন দর্শক প্রশংসা পায় তখন পরিচালক-প্রযোজকরা সেই জুটিকে নিয়েই কাজ করতে আগ্রহী হোন। আমার ক্ষেত্রে বলবো, আমার কাছে যখন কোনো গল্পের স্ক্রিপ্ট আসে তখন আমার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা দেখিনা। আমি দেখি, সেই গল্পে আমার চরিত্রটা কি এবং সেটা আমার জন্য নতুন কিনা। আমি শুধু আমার চরিত্রটা বাছাই করি। যখন চরিত্রটা পছন্দ হয় তখন কাজটি করতে আগ্রহ বোধ করি। সেখানে আমি অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, তাহসান ভাইয়া, জোভান থেকে শুরু করে অনেকের সঙ্গেই কাজ করেছি এবং করছিও।’

ইত্তেফাক/আরএম