ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন এ্যাশলে ইয়ং। প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১১ সালে এ্যাস্টন ভিলা থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়েছিলেন ইয়ং। নতুন চুক্তি অনুযায়ী ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সী এই ফুল-ব্যাক ইউনাইটেডেই থাকছেন। প্রাথমিকভাবে উইঙ্গার হিসেবে দলে যোগ দিলেও দিনে দিনে নিজেকে ফুল-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইউনাইটেডের রক্ষণভাগে এখন এক নির্ভরতার নাম ইয়ং।
ইংলিশ জাতীয় দলের এই ডিফেন্ডার রেড ডেভিলসের হয়ে ২০১২-১৩ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন। এছাড়া সাবেক বস হোসে মরিনহোর অধীন ২০১৬-১৭ মৌসুমের শেষে লিগ কাপ ও ইউরোপা লিগের ডাবল শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ইয়ং ২৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগে ১৮টিতে ছিলেন মূল দলে।
গত শুক্রবার ডিফেন্ডার ফিল জোনসের সাথে চার বছরের চুক্তির ঘোষনা দিয়েছে ইউনাইটেড। এর আগে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে ও ফরোয়ার্ড এন্থনী মার্টিয়াল অস্থায়ী কোচ ওলে গানার সুলশারের অধীনে চুক্তি নবায়ন করেছেন।
ইত্তেফাক/এএম