বৃষ্টি হলেই নিদ্রাহীন রাত কাটে আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দাদের

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

ভালো নেই গঙ্গাচড়ার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। বৃষ্টি হলেই নিদ্রাহীন রাত কাটে তাদের। অসহায়, ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। সরেজমিনে মর্নেয়া ইউনিয়নের ভাঙা-গড়া আশ্রয়ণ কেন্দ্র্রে দেখা গেছে, বিভিন্ন ব্যারাকের ঘরের টিনগুলো মরিচা ধরে ভেঙে গেছে। কোনোটি আবার ফুটো হয়ে গেছে। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙা-গড়া আশ্রয়ণ কেন্দ্রের নওসের, দবিয়ার, নাজমাসহ অনেকে বলেন, ‘টিন তো নাই পলিথিন দিয়ে কোনোরকমে থাকি।’ মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, আশ্রয়ণের লোকজনের করুণ অবস্থা। সেখানে থাকাই মুশকিল হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলীমা বেগম বলেন, এর মধ্যে দুইটি আশ্রয়ণ কেন্দ্র সংস্কার করা হয়েছে। সরকারি বরাদ্দ আসলে সেগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে।