বরিশালে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান

পূজামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শুক্রবার দুপুরে ‘হিন্দু নির্যাতন বন্ধ হোক’ এই স্লোগানে নগরীর কালীবাড়ি রোডস্থ পাষাণময়ী কালীমাতার মন্দিরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত্ দত্ত লিটু বলেন, দেশ বর্তমান সরকারের নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার জন্য কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। এরপরেই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনা ঘটেছে। আমরা নিরাপদ উপাসনালয় চাই, মন্দিরের মতো পবিত্র স্থানেও হামলার ঘটনা ঘটছে, যা মেনে নেওয়া যায় না।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক প্রচার সম্পাদক স্বপন কর, অসীত দে প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাম্প্রদায়িক শক্তিকে শক্ত হাতে দমন করার দাবি জানান।