সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে বিএনপি :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ঐ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো! বিএনপি আবারও তাদের সেই পুরোনো রূপে ফিরে আসছে। তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং সহযোগিতা করছে। গতকাল শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে তিনি আরো বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা’র মতো। আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান।

ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে—এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।