আজ শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ২১ পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নেত্রকোনার কৃতী সন্তান কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার মোক্তারপাড়াস্থ বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থাগারের পাঠ কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁওয়ে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘দৈনিক নবযুগ’ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। নেত্রকোনা থেকে ‘উত্তর আকাশ’ নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন। তার সম্পাদিত বহুল আলোচিত ‘উত্তর আকাশ’ সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে সে সময় নেত্রকোনায় গড়ে উঠেছিল কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এক মিলনমেলা। আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। তার লেখা ও প্রকাশিত ডজন খানেক বইয়ের মধ্যে ‘রক্তাক্ত অধ্যায়’, ‘একটি আত্মার অপমৃত্যু’, ‘এ মাটি রক্তে রাঙ্গা’ এবং ‘শতাব্দীর দুই দিগন্ত’ উল্লেখযোগ্য।