প্রস্তুতি ম্যাচে পরাজয় নিয়ে ভাবছে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারলেও সেটা নিয়ে ভাবছে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। বলেছেন, প্রস্তুতি ম্যাচে প্রত্যাশা পূরণ করার মত পারফরম্যান্স করতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই। বিশ্বকাপের মূল ম্যাচে পুরনো ছন্দ নিয়ে ঠিকই ঘুরে দাঁড়াবে টাইগাররা।

আগামীকাল রবিবার (১৭ অক্টোবর) উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোট কাটিয়ে খেলার ব্যাপারে শতভাগ আশাবাদি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। মোটকথা পূর্ণশক্তির বাংলাদেশ কাল মাঠে নামবে।

ওমানে সংবাদমাধ্যমকে হাবিবুল বাশার বলেছেন, ‘দেশের মাটিতে ভালো খেলে এসেছি বিধায় আমি আত্মবিশ্বাসী এবং দলও আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ দিয়ে বিচার করতে চাচ্ছি না। তাই দুর্ভাবনারও কিছু নেই। বিশ্বকাপে আমাদের কী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, সে সম্পর্কে ধারণা হয়ে গেছে।’

তবে প্রস্তুতি ম্যাচে টাইগার ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন এই নির্বাচক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরও দায়িত্বশীলতা আশা করেছিলেন তিনি। বলেন, ‘প্রস্তুতি (শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ) ম্যাচে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। যদিও প্রস্তুতি ম্যাচ বলেই কিছু জিনিস পরখ করে দেখা হয়েছে। আমাদের মূল একাদশ খেলেনি।’

‘আরেকটু বেশি প্রত্যাশা ছিল, বিশেষ করে ব্যাটিংয়ে। কন্ডিশন ভালো থাকায় টপ অর্ডারে বড় একটা ইনিংস আশা করেছিলাম,’ যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ