কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার সদর উপজেলার বানাশুয়া ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানাশুয়া এলাকায় পৌঁছলে দুষ্কৃতকারীরা ট্রেনের ৬০১৭ নম্বর বগির ১ নম্বর এসি কেবিনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে গ্লাস ভেঙে পাথর ট্রেনের ভিতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮), কামরুল ইসলাম (৪৬) ও অজ্ঞাতনামা একযাত্রী (৪৫) আহত হন। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের উপর কাগজ ও কসস্টেপ লাগিয়ে দেন।
এ বিষয়ে শনিবার বিকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, যেখানে দুর্বৃৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে ঐ স্থানটি ছিল নির্জন, বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।