স্টাফ রিপোর্টার, রাজশাহী
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রাজশাহীর মোহনপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। মোহনপুরে যে ছয় ইউপির নির্বাচন হবে সেগুলো হচ্ছে, ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটি, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা মো. জয়নুল আবেদীন বলেন, তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ছয় ইউপির ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। আশাকরি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।