গুচ্ছ ভর্তি পরীক্ষা খুবিতে ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৭ সহস্রাধিক

 

খুলনা অফিস

প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে আসন সংখ্যা ৭ হাজার ১০৮ জন। যার মধ্যে খুবি ক্যাম্পাসে রোল নম্বর ১২৩৩৩৫-১২৮৬২৪ পর্যন্ত মোট ৫ হাজার ২৯০ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে রোল নম্বর ১২৮৬২৫-১৩০৪৪২ পর্যন্ত মোট ১ হাজার ৮১৮ জন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং খুবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকালপারসন চারুকলা স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।