আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ
নারী দলের অন্যতম সেরা পারফরমার
জাহানারা। বল হাতে দলের মূল পেসার, ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে আস্থার নাম, সবমিলিয়ে ২২ গজে পারফরম্যান্সের
দীপ্তিতে উজ্জ্বল ২৮ বছর বয়সি এ
তরুণী। বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০
লিগে খেলা প্রথম বাংলাদেশি
নারী ক্রিকেটার তিনি
g জান-ই-আলম
জাহানারা আলম, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সুপারস্টার। লাস্যময়ী জাহানারা দেশের বহু তরুণের হূদয়ের রানি। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নারী ক্রিকেটারের ফেসবুকে ফলোয়ারই আড়াই মিলিয়ন।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নারী দলের অন্যতম সেরা পারফরমার জাহানারা। বল হাতে দলের মূল পেসার, ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে আস্থার নাম, সব মিলিয়ে ২২ গজে পারফরম্যান্সের দীপ্তিতে উজ্জ্বল ২৮ বছর বয়সি এ তরুণী। বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার তিনি।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের খেলার খবরও তার নখদর্পণে। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজে টিভি পর্দায় বিশ্লেষক হিসেবে কাজ করেছেন জাহানারা। আসন্ন টি-২০ বিশ্বকাপেও নজর রাখছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের দলটার প্রতি শুভ কামনা জানিয়েছেন জাহানারা। নির্দিষ্ট টার্গেট ঠিক না করলেও মরুর বুকে বিশ্বকাপে টাইগারদের নিয়ে বড় আশা তার। দলগত পারফরম্যান্সেই আস্থা রাখছেন তিনি। তবে খুদে সংস্করণের এই বিশ্ব আসরে সাকিব, মুস্তাফিজ ও শেখ মেহেদী হাসানকেই স্পটলাইটে রাখছেন জাহানারা।
নভেম্বর-ডিসেম্বরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ নারী দলের। সবুজে আচ্ছাদিত চা-বাগান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই সপ্তাহের ক্যাম্প শেষে টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে কথা বলেছেন জাহানারা।
পুরুষ-নারী দল নয়, ডানহাতি এ পেসারের কাছে ক্রিকেট মানেই বাংলাদেশের ক্রিকেট। একটা জয় গোটা বাংলাদেশের জয়, বাংলাদেশের অর্জন। জাহানারার আশা প্রথম রাউন্ড পেরিয়ে সুপার-১২ পর্বে খেলবে বাংলাদেশ দল। তিনি বলেছেন, ‘আমার মনে হয় যে, আমরা মূল পর্বে অবশ্যই খেলব ইনশাআল্লাহ। ভালো রেজাল্ট নিয়ে আশাবাদী। অনেকে বলেছেন সেমিফাইনাল খেলবে, অনেকে বলেছেন কঠিন হবে সেমিতে যাওয়া। আমি মনে করি, টি-২০ খেলাটা আনপ্রেডিক্টেবল। এখানে যে কোনো কিছু হতে পারে। সময় কম, হাই ইন্টেনসিটি গেম, যে কোনো কিছু সম্ভব।’
দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং জিম্বাবুয়ে সফরে টি-২০ সিরিজ জয়ের মাধ্যমে ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। টানা তিন সিরিজ জয়ে চাঙ্গা থাকবে টাইগাররা। জাহানারার মতে, ওমান ও আমিরাতের কন্ডিশন খুব বিপাকে ফেলবে না বাংলাদেশ দলকে। তিনি বলেছেন, ‘আমরা ঘরের মাটিতে ভালো খেলেছি, নিঃসন্দেহে দারুণ পারফরম করেছি। জিম্বাবুয়েতে ভালো খেলে এসেছি। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি কিন্তু ভালো। আমরা যদি উইকেটের দিকটা দেখি, উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আইপিএল হচ্ছে দুবাইয়ে। আমি দেখছি প্রায় একইরকম উইকেট। ওখানে বোলারদের বৈচিত্র্য, স্লোয়ার, স্পিনারদের কাজ যেটা আমরা দেখছি, সেটা কিন্তু আমরা ঘরের মাঠে নিয়ে ফেলেছি। খুব বেশি পরিবর্তন নেই। সেদিক থেকে আমরা এগিয়ে আছি।’
মাহমুদউল্লাহ বাহিনীর ওপর প্রত্যাশার চাপ ফেলতে চান না জাহানারা। তিনি বলেছেন, ‘আমি খুব আশাবাদী, যদি আমাদের সেরা পারফরম্যান্সটা করতে পারি, দলগত পারফরম্যান্স যদি প্রদর্শন করা যায়, আমার বিশ্বাস যে, ভালো কিছু সম্ভব। দলগত পারফরম্যান্স আমাদের দরকার হবে বিশ্বকাপে। এটা যদি করা যায়, আমি বলব না সেমিফাইনাল খেলব, ফাইনাল খেলব বা বিশ্বকাপ জয় করব। তবে আমি খুবই আশাবাদী ভালো একটা রেজাল্ট হবে।’
বোলিং আক্রমণকেই বাংলাদেশের মূল শক্তি মনে করছেন জাহানারা। অভিজ্ঞতা-তারুণ্য মিলে বাংলাদেশের দলটা ভারসাম্যপূর্ণ। সবাই সেরাটা দিবে এমনই আশা জাহানারার। তবে ব্যক্তিগতভাবে সাকিব, মুস্তাফিজ, মেহেদীর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন তিনি। নারী দলের সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘কোনো সন্দেহ নেই আমি যাদের দিকে তাকিয়ে থাকব, তাদের একজন মুস্তাফিজুর রহমান। তিনি পারফরম করেছেন, আইপিএলেও পারফরম করেছেন, তাই তিনি অনেকের চেয়ে এগিয়ে এবং সাকিব আল হাসান। এ দুই জনকে অবশ্যই আমি এগিয়ে রাখব। পাশাপাশি আরেক জন স্পিনার হিসেবে আমি মেহেদী হাসানকে এগিয়ে রাখতে চাই।’
সাকিব-মুশফিকদের সাফল্য উদ্দীপ্ত করে নারী দলকেও। নারী ক্রিকেটে এশিয়া কাপ জয়ী দলের সদস্য জাহানারা এবারও উত্সবের আনন্দে ভাসতে চান। তিনি বলেছেন, ‘সাফল্য যদি পুরুষ দলের মাধ্যমে আসে, তাহলে পুরো দেশবাসী কিন্তু আনন্দে উজ্জীবিত হয়। আমরা যখন এশিয়া কাপ জিতেছিলাম, তখন কিন্তু আমাদের ভাইরা যে পরিমাণ খুশি হয়েছিল, পুরো জাতি যেভাবে খুশি হয়েছিল, তারপর যুব বিশ্বকাপ দেখেন, আমরা যখন বিশ্বকাপ জিতলাম, তখন কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়েছিলাম যে, আমরাও বিশ্বকাপ জিততে পারি, হোক না সেটা যুব বিশ্বকাপ। হয়তো-বা নারী দলও কখনো এমন আনন্দের জোয়ার বয়ে আনবে। অবশ্যই এটা আমাদের প্রেরণা, এটা আমাদের জন্য এবং গোটা বাংলাদেশের জন্য আনন্দ হবে।’
জাহানারা আলম মাঠের বাইরেও তিনি অনন্যা অপরূপা
ছবি : সংগৃহিত