রংপুর সদর হাসপাতালের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

রংপুর নগরীর সদর হাসপাতালের সামনে থেকে খোকন মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি সদর হাসপাতাল এলাকার জয়নাল মিয়ার ছেলে। তবে কীভাবে তিনি মারা গেছেন বা অন্য কোনো ঘটনা রয়েছে কি না এ নিয়ে পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খোকনের মরদেহ সদর হাসপাতাল ক্যাম্পাসে পড়ে থাকতে দেখা যায় । রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে মরদেহ উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।