শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চার জন নিহত, ২০ জন আহত হওয়ার ঘটনায় পুলিশ রাতে চার জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী নজরুল ইসলামের বিপক্ষে সৈয়দ আলী হাসান নামে একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করেন নজরুলের প্রতিপক্ষ গ্রুপের সবুর মোল্লা। এ বিষয়টিকে কেন্দ্র করে শুক্রবার বিকালে জগদল মাঝিপাড়া দমদুমা এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সবুর মোল্লা, তার ভাই কবির মোল্লা ও রহমান মোল্লাসহ চার জন নিহত ও ২০ জন আহত হন। সবুরের অপর ভাই জহুর মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবুর মেল্লার ছেলে সাব্বির মোল্লা এবং ইমরানের স্ত্রী মাসুরা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
জানা যায়, জগদল ইউপির দক্ষিণ জগদলের দমদুমা পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে ঘিরে গত ১০ বছরে ঐ এলাকায় মোট সাত জন খুন হয়েছেন। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১০ সালে এই এলাকায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চার জন নিহত হয়েছিলেন। এবার সামাজিক বিরোধের পাশাপাশি আসন্ন জগদল ইউপির মেম্বার পদে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।