দীর্ঘ ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের সেখানে স্বাগত জানায় ছাত্রলীগ।
বুধবার সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মধুর ক্যানটিনে যান।
পরে আরও জনা ত্রিশেক নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দেন। এরপর বেলা সাড়ে ১১টার পর সেখানে যান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব ও সাধারণ সম্পাদক আকরাম।
এসময় আগে থেকেই মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন ছাত্রলীগ ও বাম জোটের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতারা সেখানে গেলে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। স্বাগত জানান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি তাদের বসার জন্য জায়গা করে দেন।
ক্যান্টিনে অন্য টেবিলে বসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তুহিন কান্তি দাসের সঙ্গেও করমর্দন করেন ছাত্রদলের নেতারা।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ‘অছাত্রদের আস্তানা, ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে রাজনীতি, ছাত্ররাই করবে’। পাল্টা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বলেন, ‘খালেদা জিয়া, জিয়া খালেদা’।
ক্যান্টিনের ভেতরে ছাত্রদল। ছবি: ফেসবুক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের পাদচারণায় ঢাবি ক্যাম্পাস এখন মুখরিত। তার মধ্যে দীর্ঘদিন পর বড় এই দুই সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মধুর ক্যান্টিন সরগরম হয়ে উঠে।
ছাত্রদল নেতাদের পাশে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ছাত্রদল আজকে মধুর ক্যান্টিনে এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। তবে একটা কথা বলব, আপনারা নামে ছাত্রদল, কিন্তু কাজে-কর্মে ছাত্রদের সঙ্গে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই।
শোভন আরো বলেন, ছাত্রদল এতোদিন মধুর ক্যান্টিনে না এসে আমাদের দোষারোপ করেছে। কিন্তু তারা আজকে বুঝতে পেরেছে আমরা কারও বাধা না।
আরো পড়ুন: প্রতিবেশীকে ডেকে নিয়ে হত্যা: পুলিশের এসআইসহ দু’জন রিমান্ডে
এদিকে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- ডাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে নির্বাচন তিন মাস পিছিয়ে দেওয়া, হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করা। এ ছাড়া ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে পুনতফসিল ঘোষণা করা।
ছবি: ফেসবুক
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আজ থেকে তাদের নতুন যাত্রা শুরু হলো। অনেক দিন পর এখানে এলাম। এখন থেকে ক্যাম্পাসে অবস্থান অব্যাহত থাকবে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদলকে দেখা যায়নি। ছাত্রলীগের দাপটে একরকম কোণঠাসা হয়ে পড়ে তারা। ক্যাম্পাসের আসতে গিয়ে বিভিন্ন সময় বাধার মুখে পড়ে সংগঠনটি।
ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের জন্য ১১ মার্চ ঠিক করা হয়েছে। ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ