ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসেই বড় দলগুলোর বিপক্ষে চমক দেখিয়ে যাচ্ছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাটিতে লিভারপুলের পর এবার চেলসিকেও ধরাশয়ী করার খুব কাছে ছিল মৌমাছিরা। কিন্তু চেলসির গোলবারে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এদুয়ার্দ মেন্দি। অপ্রতিরোধ্য এই গোলকিপারের কল্যাণে গতকাল (১৬ অক্টোবর) রাতে ১-০ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে টমাস টুখেলের দল।
৪৫ মিনিটে ব্ল“জদের হয়ে একমাত্র গোলটি করেন বেন চিলওয়েল। এর আগে-পরে মিলিয়ে ব্রেন্টফোর্ডের সাতটি আক্রমণ ঠেকিয়ে দেন মেন্দি। দিনশেষে জয়ের কৃতিত্বটা তাই সেনেগালের গোলকিপারকেই দেন চেলসি কোচ। বলেছেন, '৭০মিনিট আমরা খুবই শক্তিশালী এবং পরবর্তী ২০ মিনিটে ভাগ্যবান ছিলাম। মেন্দিকে ধন্যবাদ তার জন্য আমরা তিন পয়েন্ট নিয়ে ফিরে আসতে পেরেছি।'
A Mendy mood is our favourite mood! pic.twitter.com/gQP4OuFuhd
— Chelsea FC (@ChelseaFC) October 16, 2021
ঝুকি নিয়েছিল বলেই লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল ব্রেন্টফোর্ড। তবে চেলসির বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপ হচ্ছে কোচ থমাস ফ্রাঙ্কের। বলেন, 'বিশ্বাস করা কঠিন যে আমরা চেলসির বিপক্ষে দাপট দেখিয়েছি। এই ম্যাচ ১০বার খেললে ৯ বারই জিতবো আমরা।'
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে ব্রেন্টফোর্ড। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। এদিকে, সিরি আ'য় ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে শীর্ষে ঊঠেছে এসি মিলান। কিন্তু লাৎজিওর কাছে হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দী ইন্টার মিলান।
ইত্তেফাক/টিএ