ইউপি নির্বাচন মহেশপুরে প্রার্থীর ছড়াছড়ি

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

আগামী ১১ নভেম্বর মহেশপুর উপজেলার ১২ ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে ঘিরে দেখা গেছে, প্রার্থীর ছড়াছড়ি। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিকাল ৩টা পর্যন্ত তিন ডজন স্বতন্ত্র প্রার্থীসহ অর্ধশত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩০ জন ও ১০৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন জানান, ১৬ অক্টোবর নৌকা প্রতীকের প্রার্থীরা একযোগে মনোনয়নপত্র জমা দেন। রবিবার সর্বশেষ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী রয়েছে প্রায় তিন ডজন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে অর্ধশত, সাধারণ সদস্য ৪৩০ জন এবং ১০৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।