এনসিএল; সিলেটে প্রথম দিনেই শেষ দুই ইনিংস!

সারা বিশ্বেই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটির এমন রমরমা সময়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৩ম আসর। রবিবার (১৭ অক্টোবর) প্রথম রাউন্ডের প্রথম দিনটা বোলারদের দাপটেই কেটেছে। সিলেটে প্রথম স্তরে ঢাকা-সিলেট বিভাগের ম্যাচে মাত্র ৬৩ ওভারেই গুটিয়ে যায় দুই দলের প্রথম ইনিংস। শেষ বিকেলে ম্যাচের তৃতীয় ইনিংসও শুরু হয়ে গেছে।

টস জিতে ব্যাট করতে নামা সিলেট প্রথম ইনিংসে ২২ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে যায়। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ২৩ রানে নেন ৬ উইকেট। ব্যাটিংয়ে নেমে ঢাকা বিভাগও সুবিধা করতে পারেনি। ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ১৭৬ রানে।

এনামুল জুনিয়র ৪টি ও এবাদত ৩টি উইকেট নেন। ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সিলেট। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। ইমতিয়াজ ২২ ও অমিত হাসান ১১ রান করেন। ৭৪ রানে পিছিয়ে সিলেট বিভাগ।

প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার বিরুদ্ধে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে রংপুর বিভাগ। নাসির ৩২, নাঈম ইসলাম ৩০, মাহমুদুল হাসান ৩৪ ও জাহিন জাভেদ ৪০ রান করেন। খুলনার মিরাজ ৪টি ও আল-আমিন ৩টি উইকেট নেন।

কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ঘূর্ণিজাদু দেখিয়েছেন বরিশালের তানভির ইসলাম। বাঁহাতি এ স্পিনার ৭৮ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ঢাকা মেট্রো অলআউট হয়েছে ২৩৯ রানে। সাদমান ৭৫, শরীফউল্লাহ ৫৯ ও আবু হায়দার রনি ৩৮ রান করেন। দিনের শেষ দিকে ৬ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে বরিশাল। আশরাফুল ৬ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামে স্বাগতিকদের বিরুদ্ধে রাজশাহীর প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৬৬ রানে। তৌহিদ হৃদয় ৬৮, সাব্বির ২০ ও সানজামুল ২১ রান করেন। চট্টগ্রামের নাঈম হাসান ৪টি উইকেট নেন। জবাবে ২ উইকেটে ১২৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। অধিনায়ক মুমিনুল হক ৩২ ও ইয়াসির আলী রাব্বি ৭০ রানে অপরাজিত আছেন। রাজশাহীর তাইজুল ২টি উইকেট শিকার করেন।

ইত্তেফাক/টিএ