লোহাগড়ায় সালিশ বৈঠক শুরুর আগেই সংঘর্ষ আহত ১০, আটক ৬

লোহাগড়ায় সালিশ বৈঠক শুরুর আগমুহূর্তে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল্লাহ শেখ (৪৫) নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ও মবিন শেখ (২৫) নামে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শনিবার রাতে ছয় জনকে আটক করেছে। উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়ন এবং একটি হত্যা মামলার মীমাংসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।  জানা গেছে, বাকা গ্রামের মাতুব্বর আক্তার মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার কামরুল সমর্থিত লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২০১১ সালে ঐ গ্রামে সংঘর্ষের ঘটনায় আক্তার মোল্যার বড় ভাই ইদ্রিস মোল্যা খুন হন। ইদ্রিস হত্যা মামলার মীমাংসা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐ গ্রামে মেম্বার প্রার্থী মনোনয়ন করাকে কেন্দ্র করে গত শনিবার রাতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার আগেই আক্তার মোল্যা ও মিরাজ মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন প্রতিপক্ষ কামরুল শেখের সমর্থিত লোকজনের ওপর হামলা চালায়। এ সময় আব্দুল্লাহ শেখের দুই পায়ের ও হাতের রগ কেটে দেওয়া হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন বলেন, ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।