কাপ্তাইয়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চিত্মরম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার পর চিত্মরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নেথোয়াই মারমা আগাপাড়ায় তার বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ঘরে ঢোকার চেষ্টা করে। সামনের দরজা দিয়ে ঢুকতে না পেরে পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে নেথোয়াই মারমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার গায়ে তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই নেথোয়াই মারমার মৃত্যু হয়। সন্ত্রাসীরা সবুজ গেঞ্জি পরিহিত ছিল বলে নিহতের ছেলের বরাত দিয়ে পুলিশ জানায়।

গতকাল রবিবার পুলিশ লাশ উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা থানায় আনে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাঙ্গামাটি মর্গে পাঠায়। এ ঘটনার পর দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।