দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। একইদিন প্রায় এক বছর (১১ মাস) পর গোলের দেখা পেয়েছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনিও। বার্সাও জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
রবিবার (১৭ অক্টোবর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। দলটির হয়ে বাকী দুটি গোল করেছেন আনসু ফাতি ও মেম্ফিস ডিপাই। অবশ্য ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। দূরপাল্লার এক শটে বার্সার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক ও লেফটব্যাক হোসে লুইস গায়া।
২০১৮ সালে লিভারপুল থেকে আকাশচুম্বী দামে বার্সেলোনায় নাম লেখান ফিলিপ কুতিনিও। কিন্তু এরপর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই তারকা। চোট আর ফর্মহীনতার কারণে একটা সময় মূল একাদশে জায়গা হারান। তার গুরুত্বও যেন কমে যায়। যার কারণে ব্রাজিল দলেও দীর্ঘদিন ধরে ডাক পান না। আর ক্লাবে একাদশে জায়গা পাওয়ার জন্য লড়তে হয় মেম্ফিস ডিপাই, আনসু ফাতি, গাভি, দেম্বেলে ও পেদ্রিদের সঙ্গে। এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও আজকাল তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না।
যার প্রমাণ পাওয়া গেলো গতকালের ম্যাচে। বক্সে ঢুকে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার গোলকিপারের সামনে কেবল ব্রাজিলিয়ান প্লে-মেকার ছিলেন। তবুও দলটির তিন মিডফিল্ডার হুগো গিলামোন, ইউনুস মুসা, মার্কোস দে সোসা ও ডিফেন্ডার মোক্তার দিয়াখাবি কেউ বার্সা তারকাকে পাত্তাই দিলেন না। ফলে ওই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা পেয়ে যান কুতিনিও। আর এই সুযোগে রাইটব্যাক সের্হিনিও দেস্তের মাপা পাসটাকে দারুণভাবে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান।।
দীর্ঘ ১১ মাস পর পাওয়া কুতিনিওর এই গোলে বার্সেলোনাও জয় পেয়েছে। এর আগে ম্যাচের ১৩ মিনিটে ডিপাইয়ের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় বার্সাকে সমতায় ফেরান নতুন দশ নম্বর- আনসু ফাতি। পরে ৪০ মিনিটের সময় পেনাল্টিতে গোল পেয়ে যান মেম্ফিস ডিপাই।
ইত্তেফাক/টিএ