আলজাজিরা
ফরাসি রাষ্ট্রদূতকে বেলারুশ থেকে বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে বেলারুশ ছেড়েছেন রাষ্ট্রদূত নিকোলাস ডি বাউলাইন ডি ল্যাকোস্টে। তবে কেন তাকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে এখনো কিছু জানা যায়নি।
বেলারুশের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মিনস্ক এরই মধ্যে প্যারিস থেকে তাদের রাষ্ট্রদূত ইগর ফেসেঙ্কোকে ডেকে পাঠিয়েছে। সম্প্রতি নিজের কাজের গুরুত্বপূর্ণ নথি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে না দেখিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বেলারুশের একটি নিষিদ্ধ এনজিও কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ কারণেই বেলারুশের প্রেসিডেন্ট তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
ফ্রান্সের দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত নিকোলাস ডি ল্যাকোস্টে এরই মধ্যে বেলারুশ ত্যাগ করেছেন। তিনি দূতাবাসের অন্য স্টাফদের বিদায় জানিয়েছেন। এ সময় তিনি বেলারুশের সাধারণ মানুষের উদ্দেশে একটি ভিডিও রেকর্ড করেছেন, যা আগামীকাল দূতাবাসের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। লুকাশেঙ্কো ষষ্ঠবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন গত বছরের আগস্টে। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি জয়লাভ করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে অন্য ইউরোপিয়ান দেশগুলোর মতো ফ্রান্স এখন পর্যন্ত তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। তাকে যেসব দেশ স্বীকৃতি দেয়নি, তাদের বিরুদ্ধে লুকাশেঙ্কোর অভিযোগ, বিদ্রোহে প্ররোচনা দিচ্ছে এই দেশগুলো।