g মা হ মু দু ল আ মি ন
ভালোবাসা দিবসে সারাদেশে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রাত্রির যাত্রী’। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। চলমান গত্বাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে এই চলচ্চিত্র। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন জুটির এ সিনেমায় মৌসুমীকে এক নতুন রূপে দেখতে পাবেন দর্শকেরা। ছবিতে নায়িকা আছেন কিন্তু নায়ক নেই। তবু প্রেম আছে, সে প্রেমে ভাঙনের গল্পও আছে। অবশ্য ছবিটার মূল কাহিনি অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ততা ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়েই। ছবির গল্পে মূল চরিত্র মৌসুমীকে দেখা যাবে ফাতেমা পারভিন ময়না-এর নাম ভুমিকায়। একটি মেয়ের জার্নির নানা বৈচিত্র্যপূর্ণ গল্প ফুটে উঠবে নতুন জুটির এ সিনেমাটিতে। এ ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতু প্রমুখ। ছবিটির একটি আইটেম গানে দেখা যাবে সময়ের আলোচিত মডেল ও আইটেম কন্যা নায়লা নাঈমকে। মুশফিক লিটনের সুর-সংগীতে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন লন্ডন প্রবাসী রুবাইয়াত জাহান। এর সুর ও সংগীতায়োজন করেছেন মুম্বাইয়ের রাজা কাশিষ। গায়িকা লেমিসের কণ্ঠে আরও একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সাদিয়া আফরিনকে। ছবি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর গল্প গতানুগতিক নয়। কিছুটা ভিন্ন। ময়না নামের একটি মেয়ের বৈচিত্র্যময় গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। যা আমাদের সমাজের নিত্যদিনের বাস্তব চিত্র। সব মিলিয়ে বলা যায়, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘চলমান গত্বাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের নতুন কিছু দিতেই এই ছবি। চলচ্চিত্রটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং আমি বেশ আশাবাদী।’