মা হ মু দু ল আ মি ন
তরুণ নির্মাতা আসাদ রহমান এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছেন ‘ভ্যালেনটাইন রুম’ ও ‘ডিজিটাল ক্রাশ’ নামের দুইটি শর্টফিল্ম। ‘ভ্যালেনটাইন রুম’-এ অভিনয় করেছেন মল্লিক সুমন, ঝড়া, অনিক রহমান, জান্নাত ববি, আহমেদ ফারুক ও আঁখি। এর গল্পে দেখা যাবে, ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে আধুনিক ছেলে- মেয়েদের মাথায় একটা অসুস্থ চিন্তা বাসা বাঁধে। তাদের সেই অসুস্থ মানসিকতা থেকে সু-কৌশলে তাদের বিরত রাখার ম্যাসেজের মাধ্যমে গল্পটি এগিয়ে যায়। আর ‘ডিজিটাল ক্রাশ’-এ অভিনয় করেছেন মিষ্টি মারিয়া, হায়দার কবীর মিথুন, আহমেদ ফারুক, তামজীদ চৌধুরী ও তানভীর হাসান। এর গল্পে দেখা যাবে, আমাদের সমাজে কিছু মেয়ে আছে যারা ছেলেদেরকে ক্রাশ খাওয়াতে ভালোবাসে। আবার কিছু ছেলে আছে যারা কোনো কিছু না বুঝেই যার তার ওপর ক্রাশ খায়। এটা সমাজের একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের সামাজিক সচেতনতা প্রয়োজন। এমন একটি ক্রাশের শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটাই বোঝানো হয়েছে। নির্মাতা আসাদ রহমান বলেন, ‘বর্তমানে মানুষ এখন টিভি দেখা অনেকটা কমিয়ে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে ব্যস্ততার ভিড়ে আগের মতো আয়োজন করে পরিবারের সবাই একসঙ্গে বসে টিভি দেখার সময় আমাদের আর হয় না। প্রযুক্তির কল্যাণে আমরা এখন ইচ্ছা করলেই হাতের মুঠোয় থাকা মোবাইলেই সবকিছু দেখে নিতে নিতে পারি। তাই তো আমার এই প্রয়াস।’ ‘ভ্যালেনটাইন রুম’ ও ‘ডিজিটাল ক্রাশ’ নামের শর্টফিল্ম দুটি দেখা যাবে ইউটিউব চ্যানেল ‘বাগডুম’-এ।