শোক ও ভালোবাসায় দেশ জুড়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

শোক ও ভালোবাসায় শেখ রাসেলের জন্মদিন পালন করল সারা দেশের মানুষ। দেশ জুড়েই নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হয়েছে ‘শেখ রাসেল দিবস’। শেখ রাসেলসহ জাতির পিতার পরিবার ও ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনাসভা ও শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহিদদের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী. ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক          মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, শাহাবুদ্দিন ফরাজী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের হলরুমে পানিসম্পদ মন্ত্রণালয় ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্মেলনকক্ষে আলোচনাসভা, শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধবিষয়ক  মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাসসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে কৃষক লীগ আলোচনাসভা ও  দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার  বিপ্লব বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন কেক কাটা, আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।

এদিকে, শেখ রাসেল দিবসে নানা আয়োজন করেছে অগ্রণী স্কুল এন্ড কলেজ। গতকাল আজিমপুর স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন স্কুলের গভর্নিং কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান সেলিম ও অধ্যক্ষ মো. রেজাউল ভুঁইয়া।