২ হাজার কোটি টাকা মানি লন্ড্যারিং মামলার অন্যতম আসামি সাবেক এক মন্ত্রীর ছোট ভাই সাবেক সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে মিছিল হয়েছে। গতকাল সোমবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ব্যানারে বের হওয়া মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে বের হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সত্যজিত্ মুখার্জি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার অন্যতম আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবর এখনো ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে সেসহ এই মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত বছর দুর্নীতিবিরোধী অভিযানে আটক করা হয় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, তত্কালীন ছাত্রলীগ সভাপতি শামীমসহ অনেককে। তখন থেকেই পলাতক খন্দকার মোহতেশাম হোসেন বাবর। সম্প্রতি পুলিশের অভিযানে এপিএস ফুয়াদ গ্রেফতার হওয়ায় মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতারের দাবি উঠেছে।