বিশ্ব ট্রমা দিবস পালিত

দুর্ঘটনায় আহতদের সুচিকিত্সার সঙ্গে প্রয়োজন সচেতনতা

নানা আয়োজনে পালিত হলো ‘বিশ্ব ট্রমা দিবস’। ১৭ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিত্সা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

ট্রমা বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাত। বিভিন্ন দুর্ঘটনায় অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে। এছাড়াও পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু ঘটে থাকে। এমনকি কিছু দুর্ঘটনার কারণে অনেকেই সারা জীবনের জন্য শারীরিক বা মানসিকভাবে অক্ষমও হয়ে যায়। সে সব দুর্ঘটনার কারণে সৃষ্ট ট্রমা থেকে বের হয়ে আসতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ দিনটিকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্ব ট্রমা দিবস’ হিসেবে পালন করে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত এবং আহত হয় ৫ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা নিয়ে ২০০৩ সালের এক জরিপের প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে সড়কে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়। বর্তমানে এ সংখ্যা বহুগুণ বেড়েছে। এরপরও দেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তবে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর বিশ্ব ট্রমা দিবস পালন করে আসছে। নিউরো সায়েন্স হাসপাতাল, এভার কেয়ার হাসপাতালসহ আরো অনেকে এই দিবসটি নানা আয়োজনে পালন করেছে।