সিংগাইরে বহিষ্কৃত সেই যুবলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বহিষ্কৃত সেই যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সাদ্দামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি সফিকুল ইসলাম জানান, 'সিংগাইরে বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট' শিরোনামে মঙ্গলবার (১৯ অক্টোবর) দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশে আজ সকালে নিজ এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত রবিবার (১৭ অক্টোবর) সকালে বসত বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় জামশা গ্রামের সংখ্যালঘু রতন বিশ্বাসের স্ত্রী শুকলা বিশ্বাস (৪০) সোমবার থানায় একটি মামলা করতে যান। তবে মামলাটি মঙ্গলবার এন্ট্রি করা হয়। ঐ মামলায় সাদ্দামকে প্রধান আসামী কারা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদ্দামের নেতৃত্বে ৩৫/৪০ জন নারী ও পুরুষ পরিকল্পিতভাবে রবিবার সকালে তাদের হত্যা করার উদ্দেশ্যে বসত ঘরে ঢুকে মারধর করে আলমারি ভেঙ্গে ১০/১২ ভড়ি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিষপত্র লুট করে। এ সময় তাদের হাতে রাম দা,শাবল ও বটি ছিল। ওদের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়ে পাশের বাড়ি সাঈদ আলীর বাড়ির ঘরে আশ্রয় নেয়। এ সময় মামলার বাদি শুকলা বিশ্বাসের স্বামী রতন বিশ্বাস, ছেলে সজিব বিশ্বাস(২৫) ও শাশুড়ি উষা রানী(৭০) আহত হন। এছাড়া তারা বাড়ির বিভিন্ন গাছ কেটে ফেলে এবং ঘরের জানালা দরজা ও পাকা বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ফেলে। যাওয়ার সময় ওরা প্রাণ নাশের হুমকি দিয়ে বলে যায় বেশী বাড়াবাড়ি করলে তোদের ভারত পাঠিয়ে দেওয়া হবে। ফলে তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

ইত্তেফাক/ইআ