‘প্লাস্টিক সামগ্রী-পলিথিন ব্যবহারে মারাত্মক হুমকির মুখে পরিবেশ’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের কুফল থেকে দেশবাসীকে রক্ষার জন্য সরকার এর আগে সারাদেশে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয় বন্ধ ঘোষণা করেছে। ‘কিন্তু এর সঙ্গে মানুষের দীর্ঘ দিনের অভ্যাস পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি এ ব্যাপারে জনগণকে অধিকহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ব্যবহারে আমাদের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। পরিবেশের এ ক্ষতি পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই জনগণকে অধিকহারে সচেতন হতে হবে’।

মন্ত্রী আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এতে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পলিথিন শপিং ব্যাগ বন্ধের আইন কার্যকর করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আইনশৃংঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন উৎপাদনকারী কারখানা বন্ধ ও শপিং ব্যাগ জব্দ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের অবাধ ব্যবহার বন্ধে ২০০৯ থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ কোটি ৪৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে ও ৮৭৬.২১ টন পলিথিন জব্দ করা হয়েছে এবং ৪৭টি অবৈধ পলিথিন কারখানা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: দুই তরুণী ধর্ষণ: জামিন বাতিল, শাফাত আবার কারাগারে

তিনি আরও বলেন, পরিবেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের আবেদন সার্বজনীন। সকলের নিরবচ্ছিন্ন সহযোগিতায় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মকাণ্ডকে সাফল্যের পথে এগিয়ে নেবে।

হাবিবুন নাহার বলেন, পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে প্লাস্টিক। উদ্ভিদকূল, জলজ প্রাণি ও দ্বীপ অঞ্চলের প্রাণিরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ইত্তেফাক/এমআই