গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় তিনি নিজ প্রেসিডেন্সি আমলের তথ্য গোপন রাখার আবেদনও জানিয়েছেন। গত সোমবার ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে অভিযোগ দায়ের করেন ট্রাম্প। খবর সিএনএনের
গত বছর ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার জেরে প্রতিনিধি পরিষদের একটি কমিটি তদন্ত করছে। খতিয়ে দেখা হচ্ছে ঐ ঘটনার সময় ও তার আগে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। মামলার অভিযোগে বলা হয়, যেসব নথিপত্র তদন্তকারীরা চেয়েছেন, তা হোয়াইট হাউজের গোপন তথ্য। এমন ৪০টি নথি প্রকাশের বিরোধিতা করেন ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ট্রাম্পকে ‘এক্সিকিউটিভ প্রিভিলেজ’ দিতে রাজি নয়। তদন্তে বাধা আর কার্যক্রম পিছিয়ে দিতেই এই মামলা করা হয়েছে বলে দাবি করেছে তদন্ত কমিটি। তবে দেরি হলেও তদন্তের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছে কমিটি। ট্রাম্পের একজন মুখপাত্র জানান, মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, প্রতিনিধি পরিষদের এ ধরনের তথ্য চাওয়াটা আইনগতভাবে বৈধ নয়। আর প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই তথ্যকে সুরক্ষা দিতে রাজি নয় বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।