মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো-আয়াস মৃধা (২) ও বোন আয়শা আক্তার (৪)। অগ্নিকাণ্ডে দগ্ধ আহত মা খাদিজা আক্তার মিম (২২) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ পুলিশ ও ফায়ারসার্ভিস জানাতে পারেনি। তবে তাদের ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ ও স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। এসময় স্বামী বাপ্পি বাইরে থাকলে দুই সন্তানসহ ঘরে অবস্থান করছিলো খাদিজা আক্তার। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লাটে। এসময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া থেকে বাড়িতে থাকা স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ঘর থেকে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বেশকিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে দুই শিশুসহ খাদিজা আক্তারকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে পথিমধ্যে আয়াসের মৃত্যু হয়। মা খাদিজাসহ কন্যা শিশু আয়শা আক্তারকে (৪) গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে আয়শা আক্তারের মৃত্যু হয় বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্রীনগের থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।
ইত্তেফাক/এএএম