সাভারে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

সাভারের আশুলিয়ায় কুপিয়ে নিজের ঘুমন্ত নুর মোহাম্মদকে হত্যার অভিযোগে তার ছেলে আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। এ সময় তার কাছ থেকে রক্তমাখা বটি, বিছানার চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোরে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার জানান, গত মঙ্গলবার ভোররাতে শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকার নিজ বাসায় ছেলের বটির কোপে মারা যান পিতা নূর মোহাম্মদ (৬৮)। ঘটনার পর থেকে আফাজ উদ্দিন পলাতক ছিল।  হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতার এড়াতে আফাজ বার বার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফাজ উদ্দিন হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  বৃহস্পতিবারই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, পরিবারের দাবি, আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় ২০০৬ সাল থেকে তার চিকিৎসা চলছে। অসুস্থ থাকায় রাতে বাবা নুর মোহাম্মদ তার পাশেই ঘুমাতেন।

ইত্তেফাক/এনই/এএইচপি