ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার আঠারবাড়ির রায় বাজার ও ময়মনসিংহ কাঠগোলা এলাকা থেকে তাদের গ্রেফতার হওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামি হলেন উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত শমসের আলী ছেলে তারা মিয়া (৭০), কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে রুস্তম আলী(৮১) ও সোহাগী বাজারের মৃত মাওলানা সৈয়দ হুসেন আহমেদের ছেলে মাওলানা মোস্তাফিজুর রহমান (৭২)।
ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা স্বাধীনতাবিরোধী। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় ২০২০ সালে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ নম্বর ১১০ তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০। ট্রাইব্যুনালে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিরা আঠারবাড়ি রায়ের বাজার ও ময়মনসিংহ কাঠগোলা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি, কোতোয়ালি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আসামিরা পালিয়ে যাওয়ার আগেই তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এনই/আরকে