বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে মাসুকা বেগম (২২) নামের এক গৃহবধূ ও তার ছেলে বোরহান উদ্দীনের (০১) মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পুঁইছুড়ি এলাকার পন্ডিত কাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাসুকা বেগম একই এলাকার বেলালের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, পন্ডিত কাটা এলাকার ডেম্পার চালক বেলালের স্ত্রী বাড়ির পাশের পুকুরে ছেলেকে গোসল করাতে নেন। এ সময় তার এক বছর বয়সি ছেলে হাত থেকে ছুটে যায়। একপর্যায়ে বোরহান পুকুরে তলিয়ে গেলে মা মাসুকা বেগম তাকে বাঁচাতে যান। কিন্তু সাঁতার না জানায় মা ও ছেলে দুই জনই পুকুরের পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুঁইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।