সাভারের আশুলিয়ায় এক বৃদ্ধ দম্পতির ভাড়া বাড়িতে হানা দিয়ে গরু ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। দুর্বত্তরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে তিনটি গরু ও মালামাল লুটে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার ধলপুর এলাকার রশিদ শিকদারের জমি ভাড়া নিয়ে বসবাসকারী শের আলির বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী শের আলী মানিকগঞ্জের দৌলতপুর থানার জইন্তা গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার ধলপুর এলাকার রশিদ সিকদারের জমি ভাড়া নিয়ে টিনের ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানেই তিনটি গরু লালনপালন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ভুক্তভোগী শের আলী জানান, ‘রাতে গোয়াল ঘরের সঙ্গে টিনের ছাপরায় স্বামী-স্ত্রী ঘুমাচ্ছিলাম। ভোর রাত ৩টার দিকে পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় জনের একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় চিত্কার করতে গেলে তারা নিজেদের পুলিশ পরিচয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে তারা আমার স্ত্রীর গলার স্বর্ণের চেন, কানের দুল ও তিনটি গরু নিয়ে যায়।’
আশুলিয়া থানার এএসআই আল-মামুন বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি তদন্ত করা হচ্ছে।