আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের কাছে যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, শেখ হাসিনার সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। বিএনপি জনগণের আশেপাশে না গিয়ে এখন বিচরণ করছে মিডিয়া আর ভার্চুয়াল জগতে।
গুজব ও অপপ্রচার না চালিয়ে জনগণের পক্ষে কথা বলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে। বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিসিয়াল দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যার সঙ্গে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, একটি অশুভ মহল জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব, অপপ্রচার চালাচ্ছে, তা আমাদের গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি হুমকিস্বরূপ। তিনি ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে নির্মাণাধীন ৩৫টি সেতু ও রংপুর জোনের দুইটিসহ মোট ৩৭টি সেতু ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল আহসানসহ সড়ক ও জনপথ অধিদপ্তর, পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।