পঞ্চ কবির অন্যতম এক জন অতুল প্রসাদ সেন। কথা ও সুরে উপমহাদেশের সংগীত পিপাসুদের হূদয়ে দোলা দিয়েছেন বরেণ্য এই গীতিকবি। তার গানে ডুব দিয়ে এখনো সুরের তৃষ্ণা মেটান এদেশের অগণিত সুরপিয়াসিরা। এ বছর তার সার্ধশত জন্মবার্ষিকী। বরেণ্য এই কবির গানে গানেই তার সার্ধশত জন্মবার্ষিকী পালন করেছে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘একা মোর গানের তরী’ শিরোনামের এই সংগীতাসর। দেখ মা এবার দুয়ার খোলে, যাব না যাব না যাব না ঘরে, আমরা নাচি ফুলে ফুলে, কে তুমি বসি নদী কূলে একেলা, মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে নারে, জল বলে চল ইত্যাদি গানে গানে পুরো মিলনায়তনে অতুল প্রসাদ সেনকে মূর্ত করে তোলেন শিল্পীরা। পিনপতন নীরবতায় প্রতিটি পরিবেশনা উপভোগ করে মিলনায়তনে আগত দর্শক-শ্রোতারা। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
কবিয়ালের উদ্বোধনী মঞ্চায়ন ‘সুখ’
শিল্পকলা একাডেমিতে কবিয়াল ট্রাস্ট তাদের প্রথম প্রযোজিত নাটক ‘সুখ’-এর দুটি মঞ্চায়ন করেছে। এদিনের প্রদর্শনী দুটি ছিল প্রথম প্রযোজনার প্রথম ও দ্বিতীয় মঞ্চায়ন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।