ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট গোবিন্দপুর গ্রামে বিপ্লব কুমার দে নামে এক ব্যক্তির কাঠ বাগান বাড়ির (ভক্ত বাড়ি) নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ওই বাড়ির মালিকরা। এ ঘটনায় শুক্রবার (২২ অক্টোবর) সকালে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিপ্লব কুমার দে অভিযোগ করে বলেন, ‘কাঠ বাগান বাড়িটি পৈতৃক ওয়ারিশ সূত্রে আমরা মালিক। গত বৃহস্পতিবার সকাল থেকে রাস্তার পাশে বাড়ির পশ্চিম পাশ দিয়ে সীমানা প্রাচীরের কাজ শুরু করি। বিকেল ৫টা পর্যন্ত লম্বায় ১২০ ফুট ও উচ্চতায় আড়াই ফুট প্রাচীর নির্মাণ কাজ শেষ করে রাজমিস্ত্রীরা বাড়ি চলে যায়। শুক্রবার সকালে গিয়ে দেখি অজ্ঞাতনামা ব্যক্তিরা নির্মিত প্রাচীর ভেঙে ফেলেছে। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করি।
স্থানীয়রা বলেন, ‘এরা খুব নিরীহ মানুষ। ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত।’
নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যন্ত্রাইল ইউনিয়ন বাসিন্দা নুরে আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি দুঃখজনক।’
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ যাবে।’
ইত্তেফাক/এএএম