পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ ক্যানেরিয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। পরিসংখ্যান অনেক কথাই বলছে। তবে খেলতে নেমে পরিসংখ্যান মনে থাকার কথা না। দানিশ ক্যানেরিয়া মনে করেন কঠিন ম্যাচে কেউ পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামেন না। দানিশ পাকিস্তানকে পরামর্শ দিচ্ছেন কিভাবে লড়াই করতে হবে।
কোথায় ফোকাস করতে হবে। দানিশ ক্যানেরিয়া বলছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলির দুর্বলতা দেখে সেখানে আঘাত করতে হবে। রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে ক্যানেরিয়া ভারতকে এগিয়ে রেখেছেন। ভারতী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ক্যানেরিয়া বলেন, ‘আইপিএলে খেলার সুবাদে দুবাইয়ে জেতার রেসিপি কী, তা ভালোভাবেই ওদের জানা। যে কোনও রান তাড়া করার ক্ষমতা রয়েছে। রাহুল অবিশ্বাস্য ছন্দে। রোহিত, ঋষভ পন্থ, সূর্যকুমার, ঈশান কিশানরাও বিধ্বংসী মেজাজে।
পাকিস্তান তো দেড়শো রান তাড়া করতে হলেও কেঁপে যাবে। তবে বিরাট কোহলির ফর্ম কিন্তু উদ্বেগে রাখবে ভারতকে।’ লেগস্পিনের বিরুদ্ধে দুর্বলতা ধরা পড়ছে বিরাটের। এটা নিয়ে ক্যানেরিয়া বললেন, ‘লেগস্পিনে দুর্বলতা আছে, রান করতে পারছে না, আটকে যাচ্ছে। ২০-২৫ রান করে ফেললে বিরাটকে আউট করা কঠিন।’
পাকিস্তান বাবর আজমের ওপর নির্ভরশীল কিনা। দানিশ ক্যানেরিয়াও বললেন, ‘হ্যাঁ, বাবরের উপর নির্ভরতা তো রয়েছেই। তবে ব্যাটিংয়ে রিজওয়ান, ফখর জামানরাও আছে। মিডল অর্ডারে কাজে লাগবে শোয়েব মালিকের অভিজ্ঞতা। বোলিংয়ে সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।’
ইত্তেফাক/এসআই