কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপির মনোনয়ন পেলেন যারা

পিরোজপুরের কাউখালীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি’র দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

কাউখালী উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ এবং ৪ নম্বর চিরাপাড়া ইউনিয়নে জাতীয় পার্টি-জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান খান নান্নুকে চেয়ারম্যান পদে  জাতীয় পার্টি-জেপির দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার কার্যালয়ে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান ও জেপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন শিকদার, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, সহসাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ বাচ্চু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, কৃষি সম্পাদক শেখ লিটন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান মনু, শ্রম সম্পাদক নাহিদ বাচ্চু প্রমুখ। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জেপির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি