নেত্রকোনায় বাবার মৃত্যু শোকে মেয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাবার মৃত্যু শোক সইতে না পেরে ছয় ঘণ্টার ব্যবধানে মেয়ে মিতুও মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা নয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মিতু নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী ছিলেন।

মিতু সুলতানার চাচাতো ভাই আকিকুল ইসলাম খান সানি বলেন, তার চাচা চন্দন খান (৬০) দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। বাবার মৃত্যু শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে মিতু সুলতানা (২০) দুপুর ২টার দিকে অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে যায়। তাত্ক্ষণিক তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার সময় সে মারা যায়।

সাহতা ইউনিয়নের চেয়ারম্যান পল্টন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।