ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে যুদ্ধাপরাধ মামলার ছয় আসামিকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দিন ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে—তারা মিয়া (৭০), রুস্তম আলী (৮১), মাওলানা মোস্তাফিজুর রহমান (৭২), হাবিবুর রহমান ওরফে মিনু মিয়া (৭৮), মৌ. আব্দুল হান্নান (৬৮) এবং আব্দুল মান্নান ক্বারী (৭০)। এদের ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ কোতোয়ালি ও ডিবি পুলিশ উপজেলার আঠারবাড়ির রায়ের বাজার, জাটিয়া ইউনিয়নের ফানুর ও ময়মনসিংহের কাঠগোলা এলাকা থেকে গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে।