শিল্পাঙ্গনে সৈয়দ গোলাম দস্তগীরের চিত্র প্রদর্শনী

ইত্তেফাক রিপোর্ট

সময়ের ঘাত প্রতিঘাত সৌন্দর্য কিংবা কদর্য সব কিছুরই এক মহাশৈল্পিক প্রকাশ ঘটেছে এই প্রদর্শনীতে। জীবনের প্রথম প্রদর্শনী যে প্রথম ছবি নয়—বরং তা দশক দশক পেরিয়ে প্রাপ্ত জীবনের এক অসাধারণ জলছবি হতে পারে। সেই প্রমাণই রাখলেন শিল্পী সৈয়স গোলাম দস্তগীর। শুরু হয়েছে ১৪ দিনব্যাপী শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘টেম্পেরামেন্ট অফ টাইম’। গতকাল সন্ধ্যায় সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধন করেন শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হামিদুজ্জামান খান ও শিল্পী নিজে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রুমী নোমান।

বক্তারা বলেন, বিশ্ব ভুবনে আগমনের আগেই শিল্পীর বাড়িতে শিল্পগুরু এস এম সুলতান আসতেন, থাকতেন, ছবিও আঁকতেন। ছোট দস্তগীর সেসব দেখে শুনেই বেড়ে উঠেছেন। শিল্পী তার শিল্পের গল্পে চিনেছেন চারপাশ। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকেই শিশু দস্তগীর অজান্তেই হয়তো নিজেকে জড়িয়ে ছিলেন এই পর্যবেক্ষণ প্রক্রিয়ায়। আর সেই সূত্রেই তিনি চিত্রিত করেছেন শিশুকাল থেকে অদ্যাবধি এই জীবনকাল। হয়তো এটাই তার ‘টেম্পেরামেন্ট অফ টাইম’। শিল্পীর ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আঁকা ৬৩টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনী। চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী দশনার্থীদের জন্য প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।