শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর বড় ছেলে পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপস ওআইসির প্রদত্ত ‘মোস্তফা’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসির বড় ভাই।
পদার্থ বিজ্ঞানে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান এবং ইরানি বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুন ওয়াফারকে যৌথভাবে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ ডলার ,যা বাংলাদেশি প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ২০১৩ সালে মহামানব নবি হজরত মোহাম্মদ মোস্তফা (সা.)-এর নামানুসারে ‘মোস্তফা’ পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ২০১৫ সাল থেকে সর্বপ্রথম ওআইসি সদস্যভুক্ত দেশে এর পুরস্কার প্রবর্তন করা হয়।