পরিবহন ও সড়কে শৃঙ্খলার বড় সংকট রয়েছে :কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, পরিবহন ও সড়কে শৃঙ্খলার বড় সংকট রয়েছে। এখানে যদি আমরা ব্যর্থ হই তবে আমাদের সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। ওবায়দুল কাদের বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে দেশে ‘মেগা’ প্রকল্পের মাধ্যমে বিস্তর উন্নয়নের পরও সড়ককে নিরাপদ না রাখতে পেরে স্বস্তিতে নেই তিনি।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত ৯ মাসে সড়কে ট্রাফিক আইন ভঙ্গের জন্য যে পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে, সভায় তার হিসাব তুলে ধরেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কত টাকা জরিমানা তুলেছেন, তার হিসাব দিয়ে কোনো লাভ নেই। এটা কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় হলো সড়ক নিরাপদ আছে কি না, দুর্ঘটনা কমেছে কি না, গাড়িগুলো নিয়ম মতো চলছে কি না, গাড়ির ফিটনেস আছে কি না, চালকের ফিটনেস আছে কি না, গাড়ি ওভারলোডেড কি না, গাড়ি বেশি গতিতে চলছে কি না—আমি এটাই দেখব। মন্ত্রী বলেন, ‘প্রতিদিনই দুর্ঘটনায় পাখির মতো মানুষ মরে। এ মর্মান্তিক দৃশ্যপট মানুষ হিসেবে সইতে পারি না। অনেক কষ্ট হয়।’

বিআরটিএর দুর্নীতির কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিএ চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘বিআরটিএ’তে অপকর্ম যারা করে, তাদের ভালো হয়ে যেতে বলুন চেয়ারম্যান সাহেব। ডিসিপ্লিনারি অ্যাকশন নিন।’ প্রকৌশলীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,  কাজের মান ঠিক রাখুন। মহাসড়কে তিন চাকার বাহন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইজিবাইক গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ২২টি সড়কে আমরা নিষিদ্ধ করেছি। কিন্তু অনেক জায়গায় নিষেধ মানা হচ্ছে না। আর ইদানীং নতুন উপদ্রব হচ্ছে মোটরসাইকেল। কোনো নিয়ম মানে না। প্রতিদিন যে দুর্ঘটনাগুলো হয়, তার বেশির ভাগই মোটরসাইকেলের। ’

সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহনের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।