চিকিত্সার জন্য এক রাত হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় রানি বাসায় ফেরেন বলে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলে প্রাসাদ জানায়। খবর বিবিসির
রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার উত্তর আয়ারল্যান্ডের সফরটি বাতিল করেন। চিকিত্সকের পরামর্শে প্রাথমিক চিকিত্সা সংক্রান্ত পরীক্ষার জন্য হাসপাতালে যান এবং বুধবার রাতটি হাসপাতালেই কাটান। বৃহস্পতিবার তিনি উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ৯৫ বছর বয়সি রানি বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় সেন্ট্রাল লন্ডনের একটি বেসরকারি হাসপাতাল থেকে উইন্ডসরে ফিরে আসেন এবং তখন তার মন-মানসিকতা ভালো ছিল। জনসাধারণের সঙ্গে ব্যস্ততার থেকে তাকে কয়েক দিন বিশ্রামের জন্য চিকিত্সকরা পরামর্শ দিয়েছিলেন। উইন্ডসর থেকে ১৯ মাইল দূরে অবস্থিত মেরিলিবোনের কিং অ্যাডওয়ার্ড সপ্তম হাসপাতালে রানি গাড়িতে করে যান। যেখানে তাকে বিশেষজ্ঞরা দেখেছিলেন। তার ভর্তি করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত নয় বলেও বোঝা যায়। ২০১৩ সালে গ্যাস্ট্রো এন্টেরাইটিসের উপসর্গের শিকার হওয়ার পর এই প্রথম রানি হাসপাতালে থাকলেন।